সাইবার অপরাধ নিয়ে সচেতন হতে প্রধানমন্ত্রীর আহ্বান
সাইবার অপরাধের বিষয়ে সচেতন হতে শিক্ষক-অভিভাবকসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুজবে কেউ কান দেবেন না। দেশের মানুষকে বলবো একটা কিছু আসলে শুনে সাথে সাথে রিঅ্যাক্ট করার দরকার নেই। সত্য-মিথ্যা যাচাই করতে হবে। না হলে এতে সমাজের ক্ষতি হয় ব্যক্তির ক্ষতি হয়। ইন্টারনেটে কোনো পোস্ট শেয়ারে বিষয়ে সচেতন হবে। যাচাই করতে হবে। সাইবার নিরাপত্তা অপরাধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে। এ বিষয়ে শিক্ষক-বাবা মা সবাইকে সচেতন হতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা দাবি করতে পারি আজকের বাংলাদেশ সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ। স্কুল থেকে ছেলে-মেয়েদের এ বিষয়ে শিক্ষা দেয়া হচ্ছে। এ বিষয়ে কেউ আর অজানা নয়।’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এম এম জিয়াউল আলম স্বাগত বক্তব্য দেন।